অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে (২৪ ম) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, “আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং গণঅভ্যুত্থানের দায়িত্ব শেষ করেই যেন তিনি ভবিষ্যৎ পদক্ষেপ নেন, সে আহ্বান জানিয়েছি।”
দলটির উত্থাপিত প্রথম দাবি—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যা সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। ড. ইউনূস আশ্বস্ত করেছেন, নির্ধারিত সময়েই তা প্রকাশ করা হবে।
দ্বিতীয় দাবি—জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
তৃতীয়ত, তারা দাবি করেছে শেখ হাসিনার আমলে হওয়া সব জাতীয় ও স্থানীয় নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে। এনসিপির মতে, সেসব নির্বাচনে ভোট কারচুপি, ডামি প্রার্থী ও ভোটাধিকার হরণ হয়েছিল।
বাকি দুইটি দাবির বিষয়ে বিস্তারিত না জানালেও, নাহিদ ইসলাম বলেন, এগুলো রাজনৈতিক অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ এবং জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, “জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে।”
স্টাফ রিপোর্টার 














