সমাজ বার্তা । জাতীয়
রাজধানীর টিটিপাড়া রেলক্রসিংয়ে দীর্ঘদিনের যানজট নিরসনে নির্মিত হয়েছে আধুনিক আন্ডারপাস। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৮ মিটার ও প্রস্থ ৩১ মিটার। এতে ছয় লেনের মধ্যে চার লেনে চলবে মোটরযান, আর দুটি লেন থাকবে রিকশা, ভ্যান ও সাইকেলের জন্য। পাশাপাশি পথচারীদের জন্যও রাখা হয়েছে আলাদা ফুটপাত।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্ডারপাসটিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও চারটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হয়েছে যাতে জলাবদ্ধতার সমস্যা না হয়। এটি ঢাকা শহরের প্রথম রেলওয়ে আন্ডারপাস যেখানে মোটরযান, নন-মোটরযান ও পথচারীদের জন্য পৃথক লেন রয়েছে।
প্রায় দুই বছর ধরে কাজ চলাকালে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে আগামী সপ্তাহে আন্ডারপাসটি খুলে দেওয়া হলে যানজটমুক্ত চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সবাই।
স্টাফ রিপোর্টার 























