রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ মাস বয়সী শিশু সঙ্গীতা ঠাকুর বিরল জটিল রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই তার লিভারসহ পেটের ভেতরের অঙ্গ বেরিয়ে থাকে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও প্রয়োজনীয় সাত–আট লাখ টাকা জোগাড় করতে না পেরে শিশুটির বাবা–মা মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইছেন।
বালিয়াকান্দি উপজেলার ভীমনগর জেলেপাড়ার দিনমজুর শুভঙ্কর ঠাকুর ও তাঁর স্ত্রী বিজলী ঠাকুর জানান, জন্মের সময় থেকেই সঙ্গীতার নাভি ও যকৃত অস্বাভাবিকভাবে শরীরের বাইরে ছিল। কিছু চামড়া লাগিয়ে অঙ্গগুলো ঢেকে চিকিৎসা চলছে, কিন্তু সেগুলো পেটের ভেতরে স্থানান্তর করতে ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন। গত ১৩ মাসে ধারদেনা করে চার–পাঁচ লাখ টাকা খরচ করেছেন তাঁরা; এখন আর কোনো সামর্থ্য নেই।
মা বিজলী ঠাকুর বলেন, ‘আমার মেয়ের লিভার সামনে বেরিয়ে আছে—এ দৃশ্য দেখে অনেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি তো মা, চিকিৎসা করাতেই হবে। মানুষের সাহায্য ছাড়া পথ নেই।’
ফরিদপুরের জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও অপারেশনের মাধ্যমে লিভার ও অন্যান্য অঙ্গ পেটে ঢোকানোর প্রয়োজন হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন থেকে প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরেও আবেদন করা হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তা কার্যক্রমে পরিবারটিকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি অসুস্থ সঙ্গীতার চিকিৎসায় সমাজের সম্পন্ন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সুত্রঃ প্রথম আলো – https://www.prothomalo.com/bangladesh/district/u01tley3d2
স্টাফ রিপোর্টার 









