প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাইফুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে বুড়িস্থল এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুলাই বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পাঁচ বছর বয়সী এক শিক্ষার্থীকে অভিযুক্ত সাইফুল হক প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে ফেলে পালানোর চেষ্টা করেন।
পরে এলাকাবাসী ধাওয়া করে অপরাধী কে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বিচারের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ রঞ্জন দাশ। যুবদল নেতা আব্দুল লতিফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুদ্দিন, সহকারী শিক্ষক নাঈমা সুলতানা, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্টাফ রিপোর্টার: 














