সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যকার সংঘর্ষের দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ ২৪ ডট কমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিক ওসমানী হাসপাতালের রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি ও মারামারির দৃশ্য ভিডিও করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। এতে সাংবাদিক রেজা রুবেলের মাথা ফেটে যায়। পরে ওসমানী হাসপাতালেই তাদের প্রাথমিক চিকিৎসা ও অপারেশন করা হলেও পরবর্তীতে সহকর্মীরা তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এই সংঘর্ষে রোগীর স্বজনদের কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক ও স্বজনদের ওপর হামলার পর ইন্টার্ন চিকিৎসকদের ডাকে জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। অনেক গুরুতর রোগীকে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যেতেও দেখা যায়। এছাড়া রাতে হাসপাতালে লাঠিসোটা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের শোডাউন দিতেও দেখা গেছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ঘটনার প্রতিবাদে বুধবার গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে জরুরি প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিক নেতারা।
সমাবেশ থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের চিহ্নিতপূর্বক আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 


















