সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বামছিটা বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে।
ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই ভাই-বোন হলো—চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার ছেলে আব্দুল সাহাদ (৬) ও মেয়ে নাদিয়া আক্তার (৯)। আব্দুল সাহাদ শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নাদিয়া আক্তার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকেলে আব্দুল সাহাদ ও তার বড় বোন নাদিয়া আক্তার নৌকা নিয়ে বামছিটা বিলে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা থেকে ছোট ভাই আব্দুল সাহাদ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপিয়ে পড়ে বড় বোন নাদিয়া। একপর্যায়ে দুজনই পানির গভীরতায় দুজনই ডুবে যায়।
পরে তাদের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান চালান। সেখান থেকে দুই ভাই-বোনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ধর্মপাশা প্রতিনিধি: 

















