ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ । এর অংশ হিসেবে শহরের কামারখালী খাল ও চান্দিগাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, ও সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সহকারী কমিশনার মো. ফজলুল করিম টিপু, সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্কাউট দলের নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে কামারখালী খাল ও চান্দিগাট এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: 

















