সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আল আমিন মিয়া (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়,দোয়ারাবাজার থানার এসআই সঞ্জয় দত্ত, পিএসআই তাজু সিকদার ও এএসআই আলী আকবর বাবুলসহ পুলিশের একটি দল বড়খাল গ্রামে আল আমিন মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৪ কেস ‘Red Bull’ এনার্জি ড্রিংক, ভারতীয় তৈরি ভাঙা গমের ৩০ প্যাকেট, ১৪৪ প্যাকেট আগরবাতি, ২০০ প্যাকেট ধূপ এবং আরও ৪৩২ প্যাকেট আগরবাতি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ২৪০ টাকা।
গ্রেপ্তার আল আমিন মিয়া বড়খাল এলাকার ফজর আলী (ওরফে) সবু মিয়ার ছেলে।
এ ঘটনায় আল আমিন মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















