নিজস্ব প্রতিবেদক ;
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা
থেকে সরে দাঁড়িয়েছেন জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি এবং আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার এনামুল কবির ইমন।

জাতীয় সংসদীয় আসনের ২২৭, সুনামগঞ্জ-৪ ( সদর- বিশ্বম্ভরপুর) আসন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগরস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে এখন আওয়ামী লীগের রাজনীতি করছি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি ও আমার সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করব এবং নৌকার বিজয় নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত ।’

‘বাইটসুনাম’কে এনামুল কবির ইমন জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী ছিল না, তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে যেন নৌকার প্রার্থী থাকে সেটার জন্য কাজ করেছি। ২০১৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছিলেন তবে সেই সময়ে রাজনৈতিক কারণে দলের নির্দেশনায় জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দিতে হয়েছিল তাই আমি নির্বাচন করতে পারি নাই। এবারো আমি নৌকা চেয়ে ছিলাম তবে আমি না পেলেও সুনামগঞ্জের এই আসনটিতে নৌকার প্রার্থী বহাল রয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ ছিল দল থেকে। তবে শুরু থেকেই আমার ঘোষণা ছিল যদি এই আসনটিতে নৌকার প্রার্থী না থাকে অর্থাৎ জাতীয় পার্টিকে ছাড় দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এখন যেহেতু তেমনটি ঘটেনি তাই নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট নান্টু রায়, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক গৌতম কুমার বনিক, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মুহিবুর রহমান মুহিব, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নেতা জমিরুল হক পৌরব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি এম এ আরমান অপি, সদর উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি আনিসুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
বাইট/সজিব/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 


















