২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (MCQ)— জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে।
আবেদনের যোগ্যতা:
২০২২ সালের পর এসএসসি এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.৫০, এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪-এর নিচে হলে আবেদন করা যাবে না। জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ আবশ্যক। উপজাতীয় ও পার্বত্য জেলার ক্ষেত্রে মোট জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।
মেধা তালিকা নির্ধারণ:
লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি জিপিএ × ৮ (৪০ নম্বর) এবং এইচএসসি জিপিএ × ১২ (৬০ নম্বর) যোগ করে মেধা তালিকা তৈরি হবে।
আসন পুনর্বিন্যাস:
দেশের ৩৭ সরকারি মেডিকেল কলেজে আসন কমিয়ে মোট আসন দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি। পুরোনো আটটি মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল ও পটুয়াখালী মেডিকেল কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে।
আবেদন ফি: ২,০০০ টাকা।
ফরম পূরণ ও তথ্য: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার 






















