বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা ও ‘বিশ্বপ্রেমিক’ সিনেমার প্রযোজক কামাল পারভেজ আর নেই। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—এ তথ্য নিশ্চিত করেছেন ভাতিজা মাশরুর পারভেজ।
স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়; সোহেল রানা ও রুবেল তাঁর সহোদর। প্রযোজক হিসেবে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন এবং ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয়ও করেছিলেন।
বাদ জোহর উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে তার জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 






















