পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, এবং তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে টিউলিপকে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
একই মামলায় আরও ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুদকের অভিযোগ ছিল—টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের এমপি হিসেবে প্রভাব ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। মামলায় শুধু রেহানার বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় আজমিনা ও রাদওয়ান এই মামলার আসামি নন; তাঁরা অন্য দু’টি মামলায় অভিযুক্ত।
মামলার রায় ঘোষণার সময় আদালত চত্বরে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, স্কাই নিউজসহ বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। এসব তদন্ত শুরু হলে টিউলিপ সিদ্দিকও আলোচনায় আসেন এবং সমালোচনার মুখে গত ১৪ জানুয়ারি তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার 


















