প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দীন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
দুপুর দেড়টায় সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। পরে প্রধান বিচারপতির সঙ্গে তিনি বেশ কয়েক মিনিট বৈঠক করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। এক প্রশ্নের উত্তরে সিইসি নাসির উদ্দীন বলেন, “এই সপ্তাহেই তফসিল হয়ে যাবে।”
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “উনি শিগগিরই অবসরে যাচ্ছেন। আমরা একসঙ্গে কাজ করেছি। তাই বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছি। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।”
তবে ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’ মোতায়েন প্রসঙ্গে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন বলে জানান সিইসি। তিনি বলেন, “তফসিল ঘোষণার পরই নির্বাচনী তদন্ত কমিটি গঠনের বিষয়টি যাতে ত্বরান্বিত হয়, সে অনুরোধ জানিয়েছি।”
প্রধান বিচারপতি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন জানিয়ে সিইসি বলেন, “তিনি জানিয়েছেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্য নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনো সমস্যা হবে না।”
স্টাফ রিপোর্টার 

















