সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন। মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন না পাওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ঘোষণায় তিনি সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুরের মানুষের প্রতি আবেগঘন ভাষায় সমর্থন কামনা করেন। তিনি বলেন, “আমি আপনাদেরই একজন—আপনাদের সুখ–দুঃখের সাথী। দল হয়তো আপনাদের প্রত্যাশা বুঝতে পারেনি, কিন্তু আপনাদের স্বপ্নই আমার স্বপ্ন।”
দেওয়ান জয়নুল জাকেরীন অভিযোগ করেন, মনোনয়ন নিয়ে স্থানীয় মানুষের আশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে। তিনি জানান, সুশাসন, শান্তি, সম্প্রীতি এবং মানবিক মর্যাদাভিত্তিক জনপদ গড়তে তিনি জনগণকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন।
তিনি আরও বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের জন্য লড়াই করে যাব। আগামী দুই এক দিনের মধ্যেই নতুন পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেব।”
এ ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনী সমীকরণে নতুন ভিন্নমাত্রা যোগ হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
স্টাফ রিপোর্টার 

















