বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত এবং ১৪,৮১২ জন আহত হন। রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও নৌপথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট দুর্ঘটনা ৭,৩৬৯টি; নিহত ৯,৭৫৪ জন এবং আহত ১৫,০৯৬ জন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা ৬.৯৪%, মৃত্যু ৫.৭৯% এবং আহত ১৪.৮৭% বেড়েছে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, সড়কের ত্রুটি ও ফিটনেসবিহীন যানবাহনের কথা উল্লেখ করা হয়।
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, বাস্তব চিত্র প্রতিবেদনের চেয়ে অনেক বেশি ভয়াবহ। তিনি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সড়কনিরাপত্তা ও উন্নত গণপরিবহন অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সংগঠনটি সড়ক দুর্ঘটনা রোধে ১২টি সুপারিশ দিয়েছে, যার মধ্যে রয়েছে সড়কনিরাপত্তায় বাজেট বৃদ্ধি, আধুনিক গণপরিবহন চালু এবং বাধ্যতামূলক মানসম্মত ড্রাইভিং প্রশিক্ষণ।
স্টাফ রিপোর্টার 

















