নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের পথে আর কোনো আইনি বাধা রইল না। আজ বৃহস্পতিবার হাইকোর্ট ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচন কমিশনের দেওয়া ২৭ এপ্রিলের গেজেট বৈধতা পেল এবং ইশরাকের মেয়র হওয়ার প্রক্রিয়া এগিয়ে যেতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকল না।
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে ইশরাক হোসেন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন থেকে ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে ইশরাকের মেয়র হওয়া নিশ্চিত করা হয়।
তবে সেই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় এখন ইশরাকের শপথ গ্রহণ ও দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সিটিতে বিএনপি নেতৃত্বাধীন একজন জনপ্রতিনিধির দায়িত্ব নেওয়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে।
এদিকে, ইশরাক হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “জনগণের রায়ের প্রতি আদালতের সম্মান এবং সত্যের জয় হয়েছে। আমি এ দায়িত্বকে জনগণের সেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজে লাগাব।”
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইশরাকের শপথ গ্রহণের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার 
















