তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি।
এ সময় একই গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি খালি ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ।
একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে লাকিব দরজা খুলে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। ঘটনার পর রাতেই শিশুটিকে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে পুলিশকে দেখিয়ে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে বৃহস্পতিবার রাতে থানায় নিয়ে আসা হয়েছিল।
চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার আজ শুক্রবার থানায় অভিযোগ দাখিল করবে বলে জানিয়েছে। ওসি আরও বলেন, শিশুটিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 

















