দীর্ঘ প্রায় আট মাসের অপেক্ষার পর অবশেষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। মো. শফিকুল ইসলামকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলিজনিত কারণে মধ্যনগর ছাড়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য ছিল। পরবর্তী সময়ে গত ২ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মধ্যনগরে ইউএনও পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তৎকালীন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদককে মধ্যনগর উপজেলার ইউএনও হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছিল। তবে পদায়নের পরও তিনি মধ্যনগরে যোগদান করেননি।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। তিনিও বদলি হয়ে চলে যাওয়ার পর মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এতে একজন কর্মকর্তাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছিল। ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে প্রত্যন্ত হাওরাঞ্চলের চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের সরকারি সেবা গ্রহণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বাভাবিক গতি ছিল না। প্রয়োজনীয় সেবা পেতে অনেককে একাধিকবার উপজেলা পরিষদে এসেও ফিরে যেতে হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় মধ্যনগরকে উপজেলা হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। পরে ২০২২ সালের ২০ জুলাই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়নের মধ্য দিয়ে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন একাধিক কর্মকর্তা। তবে তাঁদের অধিকাংশই পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার দায়িত্বের পাশাপাশি মধ্যনগরে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নতুন ইউএনও শফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং দীর্ঘদিনের জনভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















