জামালগঞ্জ সুরমান নদীতে গভীর রাতে নোঙ্গর করা বালুভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় দুই টায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার মাছবাজার ঘাটের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা অপর ৪ জন শ্রমিক সাঁতরে তীরে আসলেও ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
নিখোঁজরা হলেন, আবুল কাশেমে’র পুত্র মোবাশ্বির (২৫) ও পিয়াস উদ্দিনের পুত্র মারুফ (২০), তারা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্ধা।
স্থানীয়রা জানান, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের তমা নৌপরিবহন বালুভর্তি নৌকাটি প্রায় সাড়ে ৭ শত ফুট বালুভর্তি ছিল। রাতে নৌকাটি সুরমা নদীর তীরে চামার বাড়ির পাশে নোঙ্গর করে। ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন নৌকায়। তাদের মধ্যে দুই জন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাকী চারজন নৌকাতেই বালুর উপর বসে ছিলেন। রাত প্রায় দুইটায় হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এতে খুঁটির সঙ্গে বাঁধা নোঙ্গরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতর কেটে নদীর তীরে উঠেন।
এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, থানার অফিসার ইনচার্জ ওসি মো বন্দে আলী সরেজমিন পরিদর্শন করে নিখোঁজের সজনদের শান্তনা দিয়ে উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত (বুধবার সন্ধ্যা) নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার বিজয় সিংহ বলেন, আমরা নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে নৌকাটি ডুবেছে সেখানে অনেক গভীর, আজ সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি। তবে উদ্ধার প্রকৃয়া চলমান রয়েছে। আগামীকাল জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জামালগঞ্জ প্রতিনিধি: তৌহিদ চৌধুরী প্রদীপ 


















