শান্তিগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর (সোমবার) সিলেট থেকে তথ্যপ্রযুক্তি ও কৌশলগত অভিযানের মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ভোরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের তালুকদার বাড়ি জামে মসজিদে ফজরের নামাজ চলাকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটে।
মসজিদে নামাজ চলমান থাকার সুযোগে দুর্বৃত্তরা মুয়াজ্জিনের কক্ষের দরজার শিক দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
ফজরের নামাজ শেষে কক্ষে ফিরে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান মুয়াজ্জিন এবং নিশ্চিত হন যে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
ঘটনার পরদিন তিনি নিজের ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে লেখেন, আল্লাহ, অসহায়ের দুটি মোবাইল চুরি হয়ে গেল, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম।
তথ্যসূত্রে জানা যায়, মোবাইল চুরি যাওয়ার দুই দিন পর এ বিষয়ে তথ্য জানতে স্থানীয় সাংবাদিকরা মসজিদের ইমাম ও মোতায়াল্লির সঙ্গে যোগাযোগ করেন। তবে মোবাইল ফোনটি উদ্ধারের স্বার্থে ও তদন্তের সুবিধার্থে তখন তারা সংবাদ প্রকাশে সম্মতি দেননি।
এদিকে চুরির একদিন পর ভুক্তভোগী মুয়াজ্জিন শান্তিগঞ্জ থানায় একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর প্রায় ১০ থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও মোবাইল দুটি উদ্ধার না হওয়ায়এলাকায় উদ্বেগ দেখা দেয়।
একপর্যায়ে বীরগাঁও গ্রামের তালুকদার পাড়ার বাসিন্দা যুক্তরাজ্য (ইউকে) প্রবাসী আকবর মিয়া মুঠোফোনে সুনামগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে যোগাযোগ করে চুরির পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন।
মোবাইল ফোন চুরি হওয়ার বিষয়টি নিয়ে ইউকে প্রবাসী আকবর মিয়া মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “যারা আজ চুরি করছে এবং যারা চোরদের লালন করছে, তাদের অবশ্যই জনগণের সামনে তুলে ধরা হবে। অচিরেই চোরদের বিচারের আওতায় আনা হবে।
পরবর্তীতে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধান ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত ২৩ নভেম্বর বিভিন্ন কৌশল অবলম্বন করে সিলেট এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন তিনি। ডিবি পুলিশের এই সফল অভিযানে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শান্তিগঞ্জ অফিস: 


















