সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। আজ সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের ক্ষেত্রে প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে।তাদের দাবি, নির্ধারিত হারের তুলনায় এ অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।
এতে অনেক ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।বক্তারা বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে পাথর ব্যবসার সঙ্গে জড়িত হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
তাই ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারি নির্ধারিত হারে শুল্ক আদায়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
জামালগঞ্জ প্রতিনিধি: তৌহিদ চৌধুরী প্রদীপ 


















