সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আচার-আচরণ, মাদকের কুফল, ইভটিজিং ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান, নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা তৈরি হয়। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তাদের খেলাধুলা, পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ে একটি শিশুর শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার সুযোগ নষ্ট করে। বিশেষ করে কিশোরীদের অনেকেই বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়ে। ফলে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ইভটিজিং প্রতিরোধ প্রসঙ্গে উপস্থিত বক্তারা বলেন, নারীর প্রতি সম্মান ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।
আলোচনায় আরও বলা হয়, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজের নেতৃত্ব দেবে। তাই পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করা, নৈতিক মূল্যবোধ চর্চা করা এবং মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















