সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদক নির্মূল, সার ও ভারতীয় জিরা চোরাচালানের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে অবিলম্বে মামলা দায়েরের জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ নির্দেশনা দেন। সভায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনো ধরনের ছাড় না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের তাগিদ দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মাদকের বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। দেশের বিভিন্ন এলাকায় বড় বড় মাদক কারবারি গ্রেপ্তার হলেও জগন্নাথপুরে কেন এখনও কোনো বড় গডফাদার গ্রেপ্তার হয়নি? মাদক সেবনকারী ও বিক্রেতাদের পাশাপাশি এর পেছনে থাকা মূল হোতা এবং তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে নির্ভয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযাগ দিতে পারেন সেজন্য অভিযোগ বক্স বসানোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সম্প্রতি জগন্নাথপুর দিয়ে সরকারি সার এবং অবৈধ ভারতীয় জিরা পাচারের ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি এই চোরাচালান চক্রের মূল কারবারিদের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মামলা দায়েরের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেন যে, জনস্বার্থ বিঘ্নিতকারী কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে কোনো আশ্রয় দেওয়া হবে না।
আসন্ন দুর্গাপূজা নিয়ে বিশেষ নির্দেশনা সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনকে আগাম সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা দেন সংসদ সদস্য। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) নুর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন,ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, শহিদুল ইসলাম বকুল, ছদরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ ও আব্দুস সোবহান প্রমুখ।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 


















