মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পথে কঠিন আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা অর্জুন রামপাল। আজ ২৬ নভেম্বর তাঁর ৫৩তম জন্মদিনে উঠে এসেছে সেই অজানা অধ্যায়ের কথা।
অর্জুন জানান, তাঁর অভিনয়জীবনের প্রথম ছবি মোক্ষ–এর মুক্তিতে দেরি হয় প্রায় ছয় বছর। শুটিং শুরুর পর নিজের অভিনয় নিয়ে হতাশ হয়ে তিনি মডেলিং ছেড়ে অভিনয়ে পুরো সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্তই তাঁকে ফেলে দেয় আয়হীন অনিশ্চিত এক দীর্ঘ সময়ে।
সেভেন বাংলোজ এলাকায় ভাড়া বাসায় থাকার সময় মাসের শুরুতে বাড়িভাড়া দিতে না পারায় বিব্রত হতে হতো তাঁকে। সে সময় বাড়িওয়ালাই হয়ে ওঠেন তাঁর ভরসা। অর্জুন বলেন, ‘তিনি নিজেই বলতেন, তোমার টাকা নেই—কিছু হবে না, ঠিকই শোধ করে দেবে।’ এই সমর্থন আজও তাঁর কৃতজ্ঞতার জায়গা।
পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে নিজের জন্য নিরামিষ খাবার রেখে তিনি তাঁর দুই কুকুরকে আমিষ খাওয়াতেন। সেই দিনগুলোকে তিনি জীবনের ‘দুঃস্বপ্ন’ বললেও জানান, সেই অভিজ্ঞতাই তাঁকে কৃতজ্ঞতা ও ধৈর্য শিখিয়েছে।
পরে অবস্থার উন্নতি হলে অর্জুন বাড়িওয়ালাকে সব টাকা শোধ করেন এবং তাঁর প্রথম ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ জানান।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া
স্টাফ রিপোর্টার 




















